বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৩০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি তার।
নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনি জুতি (৩০)। সে চুয়াডাঙ্গার পৌর এলাকার বাগানবাড়ি বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি মানি ট্রেডিং কর্পোরেশনে চাকরি করতেন বলে জানা গেছে।
এ ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে তাকে উদ্ধারে কার্যক্রম শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আরমান বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দিয়ে রিকশায় এরশাদ নগর এলাকার বাসায় যাচ্ছিলেন ওই নারী। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ দেখতে পাই বোরখা পরা মধ্যবয়সী ওই নারী সিটি কর্পোরেশনের ম্যানহোলে পড়ে যায়। আমি রিকশা থেকে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পানির স্রোত বেশি থাকায় তাকে ধরে রাখতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধারে চেষ্টা করে।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, ‘এখন পর্যন্ত ম্যানহোলে পড়া ওই নারীকে উদ্ধার করতে পারেনি। চেষ্টা অব্যাহত রয়েছে।’